ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইউএনওকে হত্যাচেষ্টা: প্রধান আসামি রবিউলের ১৩ বছরের কারাদণ্ড

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৮, ৮ নভেম্বর ২০২২
ইউএনওকে হত্যাচেষ্টা: প্রধান আসামি রবিউলের ১৩ বছরের কারাদণ্ড
ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম -ফাইল ছবি

দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি রবিউল ইসলামকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ১৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩ আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ রায় প্রদান করেন। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত রবিউল বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামের খতিব উদ্দীনের ছেলে ও ঘোড়াঘাটের ইউএনও বাসভবনের সাবেক কমচারী।

Advertisement

এর আগে, ২০২০ সালের ২ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি ডাকবাংলাতে ঘোড়াঘাট উপজেলা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনা ঘটে। ৩ সেপ্টেম্বর সকাল ৮টায় তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুর ১টায় হেলিকপ্টার যোগে ওয়াহিদা খানমকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ইউএনও ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ও র‌্যাব কয়েক জনকে আটক করে। ১১ সেপ্টেম্বর রাতে জেলার বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামের খতিব উদ্দীনের ছেলে ও ঘোড়াঘাটের ইউএনও বাসভবনের সাবেক কর্মচারী রবিউল ইসলামকে আটক করা হয়।

২০ সেপ্টেম্বর তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৭ এর বিচারক ইসমাইল হোসেনের এজলাসে উপস্থিত করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইমাম জাফর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিউলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!