হঠাৎ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে উল্টে গেল বাস
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে ১০ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটি শিবচরের পাঁচ্চর স্ট্যান্ড অতিক্রম করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায় বাসটি। এতে ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতরা রাতেই স্থানীয় রয়েল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
.png)
স্থানীয়রা জানায়, দ্রুতগতিতে বাসটি পাঁচ্চর আন্ডারপাসের সড়ক অতিক্রম করার পরেই হঠাৎ উল্টে যায়। বাসটি বেশ দ্রুতগতিতে চলছিল। বাসের যাত্রীদের বেশির ভাগই আঘাত পেয়েছেন।
শিবচর হাইওয়ে থানার ওসি শেখ মিসবাহ উদ্দিন বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপরেই উল্টে যায়। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাতেই বাসটি উদ্ধার করা হয়েছে।