পুলিশ সূত্রে জানা গেছে, চিকিৎসাসহ নানা সেবা নেয়ার কথা বলে ক্যাম্পের বাইরে গিয়ে দালালদের খপ্পরে পড়ছেন রোহিঙ্গারা। এর সুযোগ নিচ্ছে পাচারকারীরা। ক্যাম্পের বিভিন্ন জায়গায় কাঁটাতার কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ সুযোগে অনেকেই বের হচ্ছেন ক্যাম্প থেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোহিঙ্গাদের অনেকেই বিদেশে যেতে চান। আর এ সুযোগটাই নেয় পাচারকারীরা। পরবর্তীতে পাচারকারীদের নির্যাতনসহ সাগরের মাঝপথে দুঃস্বপ্নে পরিণত হয় রোহিঙ্গাদের স্বপ্নের বিদেশ যাত্রা। ট্রলার ডুবে মারা যান অনেকে।
.png)
কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, রোহিঙ্গারা গোপনে কাঁটাতারের বেড়া কেটে বের হয়ে যায়। পরে দালালদের মাধ্যমে সাগর পাড়ি দিয়ে বিদেশে যেতে চায়। এটি নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
এপিবিএন-৮ সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, দালালরা কয়েক স্তরে মানবপাচার করে। এতে রোহিঙ্গারা অধিকাংশ ক্ষেত্রে জড়িত। এছাড়া স্থানীয় কিছু অসাধু চক্রও জড়িত।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, চিকিৎসা সেবা নিতে রোহিঙ্গাদের উখিয়া সদর হাসপাতালে আসতে হয়, তখন কেউ কেউ এ সুযোগে বাইরে (বিদেশে) যাওয়ার চেষ্টা করে।