ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

করতোয়ায় নৌকাডুবি: ৪৭ দিন পর নিখোঁজ আরো ১ শিশুর লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৪, ১১ নভেম্বর ২০২২
করতোয়ায় নৌকাডুবি: ৪৭ দিন পর নিখোঁজ আরো ১ শিশুর লাশ উদ্ধার
ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ৪৭ দিন পর শ্রী মতি জয়া রানী নামে চার বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট লাশ উদ্ধার হলো ৭১ জনের।

শুক্রবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটের করতোয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত জয় রানী জেলার সদর উপজেলার কাজলদীঘি ইউনিয়নের ঘাটিয়ার পাড়া এলাকার ধীরেন্দ্রনাথ রায়ের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, করতোয়া নদীর আউলিয়ার ঘাটের পাশে বালু উত্তোলন করেছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় শ্রমিকরা গন্ধ পান। পরে নদী থেকে বালু উত্তোলন সময় একটি অর্ধগলিত লাশ বের হয়ে আসে। খবর পেয়ে বোদা উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। পরে স্বজনরা লাশের পরিচয় শনাক্ত করন। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

এ বিষয়ে মৃত শিশুটির বাবা ধীরেন্দ্রনাথ রায় বলেন, আমরা স্ত্রী, শাশুড়ি, শ্যালিকাসহ আদরের দুই মেয়ে বদেশ্বরী মন্দিরে মহালয়া পূজায় যাওয়ার সময় হঠাৎ নৌকা ডুবে যায়। এতে আমার শ্যালিকা ও শাশুড়ি মারা যান এবং আমার দুই মেয়ে নিখোঁজ হয়। নিখোঁজের কয়েকদিন পর ছোট মেয়ের লাশ পেলেও বড় মেয়ের লাশ পেলাম ৪৭ দিন পর।

বোদার উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয় শুক্রবার বিকেলে। পরে শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর জয়া রানী তার ছোট বোন মা, খালা ও নানিসহ নৌকায় উঠে বদেশ্বরী মন্দিরে মহালয়া পূজায় যাওয়ার সময় হঠাৎ নৌকাটি শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়। এ ঘটনায় জয়া রানীর মা আলো রানী ও ছোট খালা বেচে গেলেও মারা যায় তার নানি ও ছোট খালা। তবে নিখোঁজ হয় জয়া রানী ও তার ছোট বোন। ঘটনার কয়েকদিন পর ছোট বোন জ্যাতির লাশ উদ্ধার করা গেলেও নিখোঁজ থাকে জয় রানী। নৌকাডুবির ঘটনায় ৭২ জন মানুষ নিখোঁজ হয়। এর মধ্যে টানা কয়েকদিন উদ্ধার অভিযান চালিয়ে ৬৯ জনের লাশ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। সর্বশেষ গত ৯ নভেম্বর ৪৫ দিনের মাথায় ভূপেন্দ্রনার্থ রায় পানিয়ার লাশ উদ্ধার করা হয়। আর আজ এক শিশুর লাশ উদ্ধার হলো। এখনো নিখোঁজ রয়েছেন সুরেন নামের এক ব্যক্তি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!