দর্শকদের প্রিয় দলের পতাকা বিক্রির ধুম পড়েছে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে। গত কয়েকদিন থেকে নগরীর ব্যস্ততম বিবিরপুকুরপাড়ে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের পতাকা বিক্রির যেন হাট বসেছে।
নগরীর বাসিন্দা তানভির আহম্মেদ অভি বলেন, বিশ্বকাপ ফুটবলে আমার প্রিয় দল হচ্ছে ব্রাজিল। নেইমারের পায়ের জাদুতে এবার ব্রাজিল বিশ্বকাপ জিতবেন বলে তিনি শতভাগ আশা প্রকাশ করে আরো বলেন, প্রিয় দলের পতাকা ক্রয়ের জন্য বিবিরপুরপাড় এসেছি। এখান থেকে ব্রাজিলের পতাকা ক্রয় করে বাড়ির ছাদে উড়াবো।
.png)
মোছাদ্দেক হাওলাদার নামের আরেক পতাকা ক্রেতা বলেন, আমার প্রিয় দল আর্জেন্টিনার পতাকা ক্রয় করেছি। এটি আমাদের বাসার সামনে প্রদর্শন করবো।
পতাকা বিক্রেতা শাহাদৎ হোসেন বলেন, ঢাকা থেকে গত দশদিন আগে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করা বিভিন্ন দলের পতাকা নিয়ে বিক্রির উদ্দেশ্যে বরিশাল নগরীতে এসেছি। প্রতিদিন বিক্রিও হচ্ছে বেশ। তবে গত দুইদিন থেকে পতাকা বিক্রির সংখ্যা অনেক বেড়েছে।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত যে পরিমাণ পতাকা বিক্রি হয়েছে তাতে ব্রাজিলের পতাকা বেশি বিক্রি হয়েছে। তারপর রয়েছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানী ও স্পেনের পতাকা। ব্রাজিল ও আর্জেন্টিনার ১২ ফুট দৈর্ঘ্য পতাকা ১২শ’ টাকা, বাকি বিভিন্ন দেশের পাঁচ ফুট দৈর্ঘ্যে পতাকা ১৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
সার্বিক বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিয়োগকৃত বরিশাল বিভাগ ও জেলায় খেলোয়াড় তৈরির কারিগর (কোচ) মশিউল আলম স্বপন বলেন, বর্তমানে ক্রিকেট বিশ্বকাপ চলার কারনে বর্তমান প্রজন্মের যুবক ও তরুণ ছেলেরা অনেকেই সেদিকে নজর থাকায় এখনও বিশ্বকাপ ফুটবলের দিকে নজর তেমন একটা বাড়েনি। আগামী ২-১দিনের মধ্যে ওইসব তরুণ ও যুবকরা ফুটবল বিশ্বকাপ নিয়ে মাতবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।