ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেজুর রস-খাঁটি গুড়ের ঐতিহ্য রক্ষায় শপথ

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০১, ১৫ নভেম্বর ২০২২
খেজুর রস-খাঁটি গুড়ের ঐতিহ্য রক্ষায় শপথ
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের চৌগাছায় খাঁটি গুড় তৈরি করতে এবং খেজুর রস ও গুড়ের ঐতিহ্যকে টিকিয়ে রাখার লক্ষ্যে গাছিদের নিয়ে মতবিনিময় করা হয়েছে। এ মতবিনিময় শেষে খাঁটি গুড় তৈরি এবং যশোরের খেজুরের রস ও গুড়ের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে শপথ পাঠ করেছেন গাছিরা।

মঙ্গলবার বেলা ১১টায় চৌগাছা উপজেলা প্রশাসন ও গাছিদের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে গাছিদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। এ সময় কয়েকজন গাছি তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে বক্তব্য রেখে প্রশাসনের
সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চার শতাধিক গাছি উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা গাছিদের নির্দেশনা দিয়ে বলেন, আগামী ১ ডিসেম্বর পর্যন্ত কে কতটি গাছ কেটেছেন সেটা নিজের জাতীয় পরিচয় পত্রের অপর পাশে লিখে মোবাইল নম্বরসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে পৌঁছে দেবেন। এটা দিয়ে যাচাই করে প্রতিটি ইউনিয়নের সর্বোচ্চ গাছ কাটা তিনজন গাছিকে পুরস্কৃত করা হবে।

Advertisement

তিনি গাছিদের আরো বলেন, এ তালিকা করে আগামীতে সরকারি বিভিন্ন প্রণোদনা যেন আপনারা পেতে পারেন সে ব্যবস্থা করা হবে। ভালো গাছিদের দিয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে। নতুন গাছি সৃষ্টি করতে আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। জীববৈচিত্র্য রক্ষায় এবং যশোরের খেজুর রস ও গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে নতুন রাস্তার পাশে খেজুর গাছ লাগানো হবে।

মতবিনিময় সভা শেষে গাছিদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের ঈদগাহ মাঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়। গাছিদের মনোনীত একজন গাছি তাদের শপথ পাঠ করান। শপথে তারা বলেন, ‘আমরা শপথ করিতেছি যে খাঁটি গুড় তৈরি করতে এবং খেজুর রস ও গুড়ের এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সর্বদা সচেষ্ট থাকব।’ উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপস্থিতরা এ শপথ পাঠে অংশগ্রহণ করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!