ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মালির বাসার ছাদে মিলল চার বস্তা ওষুধ 

সিলেট প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:৩৩, ১৬ নভেম্বর ২০২২
মালির বাসার ছাদে মিলল চার বস্তা ওষুধ 
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মালির (গার্ডেনিয়ার) বাসার ছাদ থেকে চার বস্তা ওষুধ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার এসব ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওষুধের মূল্য আনুমানিক ৪ লাখ টাকা।

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন মেডিকেল স্টাফ কোয়ার্টারের ১১/জ বাসায় অভিযান চালান হাসপাতালের পরিচালক। ওই বাসায় রবিউল নামে হাসপাতালের এক মালি বসবাস করছেন। এছাড়াও আরো কয়েকজন কর্মচারী পরিবার নিয়ে সেখানে থাকেন। অভিযানের এক পর্যায়ে বাসার ছাদ থেকে চার বস্তা ওষুধ উদ্ধার করা হয়। পরে ওষুধগুলো হাসপাতালে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া ওষুধের মূল্য আনুমানিক ৪ লাখ টাকা হবে বলে জানিয়েছে হাসপাতালের একটি সূত্র।

Advertisement

ওষুধ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল গফফার বলেন, পুরাতন মেডিকেলের স্টাফ কোয়ার্টারের ছাদ থেকে ওষুধগুলো উদ্ধার করা হয়েছে। এখনও ওষুধগুলোর তালিকা করা হচ্ছে। কত টাকার ওষুধ হবে তা আপাতত বলা যাচ্ছে না।

তিনি বলেন, এ কোয়ার্টারে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা থাকেন। বলা যাচ্ছে না কারা এ ঘটনার সঙ্গে জড়িত। তবে ঘটনা বিষয়টি উদঘাটনে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। ওষুধ পাচারের সঙ্গে জড়িতদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!