ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে কৃষি প্রণোদনা পেলেন সাড়ে ৭ হাজার কৃষক

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৬, ২২ নভেম্বর ২০২২
ফেনীতে কৃষি প্রণোদনা পেলেন সাড়ে ৭ হাজার কৃষক
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ফেনী সদর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আওতায় ৭ হাজার ৫১০ জন কৃষকের মাঝে এ প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্লাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা জুসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার।

কৃষি বিভাগ জানায়, প্রণোদনার আওতায় ১০০ গম চাষিকে জনপ্রতি ২০ কেজি বীজ ও ২০ কেজি সার দেওয়া হয়েছে। একইভাবে ৮০ ভুট্টা চাষিকে জনপ্রতি ২ কেজি বীজ ও ৩০ কেজি সার, ৬২৯০ সরিষা চাষিকে ১ কেজি বীজ ২০ কেজি সার, ৬৫০ জন সূর্যমুখী চাষিকে ১ কেজি বীজ ও ২০ কেজি সার, ৫০ চিনাবাদাম চাষিকে ১০ কেজি বীজ ও ১৫ কেজি সার, ৩০ সয়াবিন চাষিকে ৮ কেজি বীজ ও ২০ কেজি সার, ৩০ জন মুগ চাষিকে ৫ কেজি বীজ ও ১৫ কেজি সার, ১৯০ মসুর চাষিকে ৫ কেজি বীজ ও ১৫ কেজি সার, ৯০ খেসারি চাষিকে জনপ্রতি ৮ কেজি বীজ ও ১৫ কেজি সার দেওয়া হয়েছে।

Advertisement

উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার জানান, মঙ্গলবার উদ্বোধনী দিনে ফেনী সদর উপজেলার ৭টি ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক বিতরণ করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার পর্যায়ক্রমে বাকি প্রণোদনার তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।

এ কর্মসূচির আওতায় ফেনী সদর উপজেলায় ৪৯ লাখ ৬৬ হাজার টাকা বরাদ্দের অনুকূলে প্রণোদনা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!