ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশের মানচিত্রের রূপে ইলেকট্রিক গিটার বানিয়ে দুই বন্ধুর চমক

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০২, ২৬ নভেম্বর ২০২২
দেশের মানচিত্রের রূপে ইলেকট্রিক গিটার বানিয়ে দুই বন্ধুর চমক
ইলেকট্রিক গিটার নিয়ে শেখ লাবনান জামি ও অহিদ আল হক

দুই বন্ধু শেখ লাবনান জামি ও অহিদ আল হক। দুজনই খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী। গিটার তৈরির কাজও করেন তারা। এক সময় তারা ভাবেন বাংলাদেশের মানচিত্রের আদলে গিটার তৈরি করবেন। সেই ভাবনা এখন বাস্তবে রূপ নিয়েছে। প্রায় এক বছরের চেষ্টায় ৪০ হাজার টাকা ব্যয়ে মানচিত্রের আদলে ইলেকট্রিক গিটার তৈরি করে চমক সৃষ্টি করেছেন তারা। এই গিটার দেখে অবাক হয়েছে অনেকে। শুধু তাই নয়, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো তাদের লক্ষ্য।

শেখ লাবনান জামি বলেন, গিটার তৈরির কাজ করি আমরা। এই কাজ করতে গিয়ে মাথায় একটা আইডিয়া আসে মানচিত্রের রূপে গিটার তৈরি করার। সেই ভাবনা থেকে আমি ও অহিদ গিটার বানানোর উদ্যোগ গ্রহণ করি। আর ডিজাইনের জন্য খুলনা আর্ট একাডেমির মিলন বিশ্বাস স্যারের কাছে যাই। তিনি বাংলাদেশের মানচিত্রের আদলে গিটারের ডিজাইন একে দেন। গত বছরের আগস্ট থেকে কাজ শুরু করি।

তিনি আরো বলেন, এক বছরের কিছু বেশি সময়ের চেষ্টায় অবশেষে আমরা মানচিত্রের আদলে গিটার বানাতে সক্ষম হয়েছি। অনেকে গিটার দেখে অবাক হয়েছে। এটা ইলেকট্রিক গিটার। চায়না থেকে গিটার তৈরির সরঞ্জাম আনা হয়েছে। আর স্থানীয় কারিগর দিয়ে গিটারটি তৈরি করেছি। এতে প্রায় ৪০ হাজার টাকা ব্যয় হয়েছে। যেসব সরঞ্জাম দিয়ে বানিয়েছি, তাতে এমন গিটার কিনতে গেলে ৯০ হাজার টাকা দাম পড়বে। আমরা পরীক্ষামূলকভাবে এটা বানিয়েছি।

Advertisement

তিনি বলেন, বিশ্বের কোনো দেশের মানচিত্রের আদলে গিটার নেই। আমরাই প্রথম এই গিটার বানিয়েছি। যে কারণে আমাদের লক্ষ্য গিনেজ বুকে নাম লেখানো। আমি আশাবাদী বাংলাদেশের মানচিত্রের আদলে তৈরি গিটারটি গিনেজ বুকে স্থান পাবে।

আরেক নির্মাতা অহিদ আল হক বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানচিত্রের আদলে এ গিটার তৈরি করেছি। সরকারি সুযোগ-সুবিধা পেলে স্বল্পমূল্যে মানুষের হাতে এমন গিটার তৈরি করে দেওয়া সম্ভব হবে।

খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস জানান, খুলনা শহরের এ দুই যুবক সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে বেড়ে উঠেছে। 'পেইনকিলার' নামে একটি ব্যান্ড দল রয়েছে তাদের। বাংলাদেশের মানচিত্র দিয়ে গিটার তৈরির উদ্যোগটি প্রশংসনীয়। নবীনদের মধ্যে যদি এই গিটার সহজলভ্য করা যায়, তাহলে খুব ভালো হবে। তাদের নাম গিনেস রেকর্ডসে স্থান পেলে এটি বাংলাদেশের সুনাম বয়ে আনবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!