ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাষের মাছে বিষাক্ত রং, দেশি বলে বিক্রি 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৪, ২৬ নভেম্বর ২০২২
চাষের মাছে বিষাক্ত রং, দেশি বলে বিক্রি 
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান।

বাজারে বিক্রি করা হয় ক্ষতিকর রাসায়নিক রং মেশানো বিষাক্ত মাছ। এই রং ব্যবহারে চাষের মাগুর ও শিং মাছ রঙিন, চকচকে ও তরতাজা হয়। পরে বিদেশি এসব মাছকে দেশি বিল ও নদীর মাছ বলে বেশি দামে বিক্রি করা হয়। এতে প্রতারিত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতেও পড়ছেন ক্রেতারা।

এমন অভিযোগে বগুড়া শহরের ফতেহ আলী বাজারে মাছের দোকানগুলোতে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে চলা এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল  আলম রিজভী।

তিনি বলেন, অর্থদণ্ডপ্রাপ্ত মাছ ব্যবসায়ীর নাম রহিম মণ্ডল। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকানে থাকা  বিষাক্ত রং মেশানো ৪০ কেজি মাছ করতোয়া নদীতে অবমুক্ত করা হয়। 

ইফতেখারুল  আলম রিজভী আরো বলেন, অভিযান চলাকালীন ওই বাজারের মাছ ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!