ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

‘মা-স্ত্রী’ গ্রহণ করলেন না লাশ, ঠাঁই হলো সিলেটের কবরস্থানে 

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫১, ৩০ নভেম্বর ২০২২
‘মা-স্ত্রী’ গ্রহণ করলেন না লাশ, ঠাঁই হলো সিলেটের কবরস্থানে 
ফাইল ছবি

৩৫ বছর বয়সী ফয়সাল আহমদ। ভবঘুরের মতো এখানে-সেখানে ঘুরে বেড়াতেন। একসময়ে বেওয়ারিশ হিসেবে সিলেটের সুরমা নদীতে পড়েছিল তার লাশ। গত সোমবার নদী থেকে তার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। একপর্যায়ে লাশের সঙ্গে থাকা এনআইডি কার্ড ও সিআইডির চেষ্টায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। পরে ঢাকার কেরানীগঞ্জে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। কিন্তু সব চেষ্টা গেল বিফলে। মা কিংবা স্ত্রী কেউই ফয়সালের লাশ নিতে আগ্রহ দেখাননি। অবশেষে মঙ্গলবার রাতে সিলেটের মানিকপীর (রহ.) এর কবরস্থানে পুলিশের হেফাজতে লাশটি দাফন করা হয়।

সিলেট কোতোয়ালি থানার এসআই মো. আজিজুল হক জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সোমবার সকালে নগরীর শেখ ঘাট এলাকার সুরমা নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় প্যান্টের পকেটে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। এনআইডি কার্ডে মারা যাওয়া যুবকের নাম ছিল ফয়সল আহমদ। বাড়ি কেরানীগঞ্জ থানার কুশিয়ার বাগ এলাকায়। বাবার নাম আব্দুল মোতলিব ও মায়ের নাম আঁখি বেগম। 

এনআইডি কার্ডের সঙ্গে একটি চিরকুটও পাওয়া যায়। সেখানে মা আঁখি বেগমের মোবাইল ফোন নম্বর লিখে রেখেছিলেন ফয়সাল। পরে পিবিআই ও সিআইডির প্রচেষ্টায় লাশটি ফয়সাল আহমদের বলেই শনাক্ত হয়। পরে লাশের সঙ্গে থাকা (আঁখি বেগমের) মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানায় পুলিশ। একইসঙ্গে লাশটি নিয়ে যেতে অনুরোধ জানানো হয়। কিন্তু মা আঁখি বেগম ছেলের লাশ নিতে অসম্মতি জানান। 

তিনি আরো জানান, ফয়সালের মায়ের কাছ থেকে তার স্ত্রীর মোবাইল নম্বর নিয়ে যোগাযোগ করা হলে তিনিও লাশ নিতে পুলিশের কাছে অসম্মতির কথা জানান।

এসআই আজিজুল হক বলেন, এটি কোনো অস্বাভাবিক বা রহস্যজনক মৃত্যু বলে মনে হয়নি আমাদের কাছে। কারণ মারা যাওয়া যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। 

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, প্রায় ৫ বছর আগে ফয়সাল বাড়ি থেকে বেরিয়ে যান। পরে আর বাড়ি ফিরেননি। এরপর থেকেই তিনি ভবঘুরের মতো এখানে-সেখানে ঘুরে বেড়াতেন। একপর্যায়ে ওই যুবকের স্ত্রী স্বামীর বাড়ি ছেলে চলে যান। লাশ নিতে আমরা বারবার যোগাযোগ করলেও কেউই রাজি হননি। তাই সিলেটের মানিকপীর টিলায় ঐ যুবকের লাশ রাতে দাফন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!