ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির মালিককে হত্যার দায়ে ৬ ডাকাতের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ৩০ নভেম্বর ২০২২
বাড়ির মালিককে হত্যার দায়ে ৬ ডাকাতের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতি করার সময় শাজাহান আলী নামের এক বাড়ির মালিককে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আনিসুল ইসলাম।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে স্বপন, একই উপজেলার ইসলামপুর গ্রামের পান্না মৃধার ছেলে নাহারুল, শমছের প্রামাণিকের ছেলে মকবুল, ওফিল প্রামাণিকের ছেলে শফি, জলিল প্রামাণিকের ছেলে শাজাহান এবং খলিল প্রামাণিকের ছেলে আজমল।

Advertisement

রায় ঘোষণার সময় আদালতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সব আসামি উপস্থিত ছিলেন না। এ সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামি আজমল, শাজাহান ও শফি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের জেলা কারাগারে পাঠানো হয়। স্বপন, নাহারুল ও মকবুল পলাতক রয়েছেন।

জানা যায়, ২০০২ সালের ২৭ এপ্রিল রাত ১০টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের শাজাহান আলীর বাড়িতে রাইফেল, বন্দুক, পিস্তল, এলজি, চাইনিজ হাত কুড়াল, লোহার রড, তরবারি, রামদা, বাঁশের লাঠি ইত্যাদি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা ডাকাতি করেন। তারা নগদ টাকা, স্বর্ণালংকার এবং বাড়ির বিভিন্ন আসবাবপত্র লুট করেন। এ সময় প্রতিবাদ করায় চাইনিজ কুড়ালের উল্টো পিট দিয়ে শাজাহান আলীকে আঘাত করে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় পরদিন ২৮ এপ্রিল নিহত শাজাহান আলীর ছেলে বোরহান উদ্দিন বাপ্পি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই ফেরদৌস হোসেন আসামিদের বিরুদ্ধে ২০০৪ সালের ২৪ জানুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের শাস্তির আদেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আনিসুল ইসলাম বলেন, ডাকাতি করার সময় শাজাহান আলী নামের এক বাড়ির মালিককে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার আট আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি উপস্থিত ছিলেন। অপর আসামিরা পলাতক রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!