নালিতাবাড়ীতে স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে সমন্বয় সভা
শেরপুরের নালিতাবাড়ীতে উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর এবং আইডিই বাংলাদেশের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আগামী ২০২৫ সালের মধ্যে শেরপুর জেলার ৩৫ হাজার পরিবারের উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে জিওবি- ইউনিসেফ এবং সুইজারল্যান্ড দূতাবাস বাংলাদেশের সহায়তায় স্কেলিং আপ স্যানিটেশন মার্কেট সিস্টেম ইন বাংলাদেশ প্রকল্পটি শেরপুর জেলায় ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এন্টারপ্রাইজেস বাংলাদেশ (আইডিই-বি) কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
সেই ধারাবাহিকতায় নালিতাবাড়ী উপজেলায় এই প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, প্রকল্প সম্পর্কে সার্বিক ধারণা প্রদান এবং অধিকতর অসচ্ছল পরিবারের জন্য নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে এডিজি লক্ষ্য মাত্রা ৬ দশমিক ২ অর্জনের লক্ষ্যে বৃহস্পতিবার নালিতাবাড়ীতে সরকারি ও বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্যানিটেশন ব্যবসায়ীদের অংশ গ্রহণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমাজের সব পর্যায়ের মানুষের জন্য নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করতে সবাই ঙ্গীকার প্রদান করেন।
এ সময় নালিতাবাড়ীর ইউএনও খৃস্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথি হিসেবে শেরপুর জেলার জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ ছামিউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, ইউনিসেফ এর ঢাকা ও ময়মনসিংহ রিজিওন ওয়াশ অফিসার ফিরোজ আলম, চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আবদুস সবুর ও আইডিই-র ফিল্ড টিম লিডার সুব্রত পাল প্রমুখ বক্তব্য রাখেন।