ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাবার চেয়ে মনোয়ারা পেলেন ঘর

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৭, ১ ডিসেম্বর ২০২২
খাবার চেয়ে মনোয়ারা পেলেন ঘর
মনোয়ারার হাতে খাবারের বস্তা তুলে দিচ্ছেন ইউএনও আবু তাহের মো. শামসুজ্জামান

ইউএনওর কক্ষের বাইরে ঘোরাঘুরি করছিলেন ৫১ বছর বয়সী মনোয়ারা বেগম। বিষয়টি সিসিটিভিতে দেখছিলেন ইউএনও। কিছুক্ষণ পর নিজ কক্ষে ডেকে নেন মনোয়ারাকে। ভয়ে ভয়ে সন্তানসহ না খেয়ে মানবেতর জীবনযাপনের গল্প তুলে ধরেন এ নারী। মনোয়ারার গল্প শুনে কক্ষে থাকা সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে দেওয়া হয় শুকনো খাবার। সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ারও আশ্বাস দেন।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. শামসুজ্জামানের কক্ষে।

মনোয়ারা ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান গ্রামের কফিল উদ্দিনের স্ত্রী। স্বামী মারা যাওয়ার পর থেকে অন্যের বাড়িতে কাজ করে এক ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

Advertisement

মনোয়ারা বলেন, দীর্ঘদিন ধরে ইউএনও কার্যালয়ে আসছি। আজও কাঁপতে কাঁপতে আসি। ইউএনও কক্ষে গিয়ে কষ্টের কথা তুলে ধরার পর একটি খাবারের বস্তা দেওয়া হয়। দু-একদিনের মধ্যে ঘরও দেওয়া হবে বলে জানিয়েছেন।

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. শামসুজ্জামান বলেন, দীর্ঘক্ষণ আমার কক্ষের বাইরে ঘোরাঘুরি করছিলেন মনোয়ারা। বিষয়টি সিসি ক্যামেরার মাধ্যমে নজরে আসে। পরে তাকে কক্ষে ডাকা হয়। এরপর নিজের কষ্টের কথা জানান। খাবার ও ঘরের অভাবে তিনি মানবেতর জীবনযাপন করছেন। তাৎক্ষণিকভাবে তাকে শুকনো খাবার দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে তাকে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর উপহার দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!