রোববার দুপুর ২টার দিকে বীরগঞ্জ ভাগনগর ইউনিয়নের দিস্তাপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রত্না আকতার একই গ্রামের মো. আকতার হোসেনের মেয়ে। রত্না বীরগঞ্জ মহিলা কলেজ হতে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
রত্না আকতারের মা রাশেদা খাতুন জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিবেশী রুহুল আমিনের স্ত্রী রোকেয়া খাতুনের সঙ্গে মামলা চলছে। বিরোধপূর্ণ ঐ জমিতে দুপুরে প্রতিপক্ষ রোকেয়া খাতুনের লোকজন জোরপূর্বক ঘর নির্মাণ করেন। এ সময় বাধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান তারা। এতে রত্না আকতারসহ কমপক্ষে পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রত্না আকতারকে মৃত ঘোষণা করেন।
.png)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. মনোয়ার হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই রত্না আকতারের মৃত্যু হয়েছে। ঘটনার পর উভয় পক্ষের ১০ জন চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। পুলিশ এরই মধ্যে একজনকে আটক করেছে। এ ঘটনায় জড়িত অন্যদেরকেও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।