ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪০, ৫ ডিসেম্বর ২০২২
৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন
ফাইল ফটো

জামালপুর সদর উপজেলায় দাফনের আট মাস পর মো. শহিদুল ইসলাম নামে এক ভ্যানচালকের লাশ উত্তোলন করা হয়েছে।

সোমবার দুপুরে জামালপুর সদরের শাহবাজপুর ইউনিয়নের পক্ষ্মীমারী গ্রাম থেকে লাশটি উত্তোলন করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরানের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। এ সময় সিআইডির পরিদর্শক গোলক চন্দ্র বসাক, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শহিদুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার রেজাউল করিম সুমনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

নিহত ভ্যান চালক মো. শহিদুল ইসলাম জামালপুর সদর উপজেলা শাহবাজপুর ইউনিয়নের পক্ষীমারী গ্রামের আছর মন্ডলের ছেলে। গত ৯ এপ্রিল সন্ধ্যায় ভ্যানচালক শহিদুল ইসলাম তার অটোভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। পরদিন সকালে সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাটিখোলা গ্রামে একটি আমগাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শহিদুলের লাশ উদ্ধার করে পুলিশ।

Advertisement

পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে মনছুর আলী বাদী হয়ে গত ১১ এপ্রিল জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলার রহস্য উদঘাটনের জন্য সিআইডির কাছে মামলাটি স্থানান্তর করা হয়। পুলিশ পরিদর্শক গোলক চন্দ্র বসাকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নিহত শহিদুল ইসলামের লাশ পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক গোলক চন্দ্র বসাক বলেন, আদালতের নির্দেশে শহিদুল ইসলামের লাশ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!