ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরা মুক্ত দিবস আজ

লিটন ঘোষ জয়, মাগুরা 
প্রকাশিত: ১২:৪৯, ৭ ডিসেম্বর ২০২২
মাগুরা মুক্ত দিবস আজ
ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরা মুক্ত দিবস আজ ৭ ডিসেম্বর। ১৯৭১ সালর এই দিনে মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার মুক্ত হয় মাগুরা। 

মাগুরাকে শত্রু মুক্ত করতে শহরের খন্দকার মাজেদ বাহিনী, শ্রীপুরের আকবর হোসেন মিয়ার নেতৃত্বাধীন শ্রীপুর বাহিনী, মহম্মদপুরের ইয়াকুব বাহিনী, মহম্মদপুর-ফরিদপুর অঞ্চলের মাশরুরুল হক সিদ্দিকী কমল বাহিনী এবং লিয়াকত হোসেনের নেতৃত্বে মুজিব বাহিনীসহ বীর মুক্তিযোদ্ধারা ব্যাপক সাহসী ভূমিকা নিয়ে পাক সেনা ও স্থানীয় রাজাকার আল বদর বাহিনীর সঙ্গে প্রাণপণ যুদ্ধ করে। গেরিলা বাহিনীর ব্যাপক আক্রমণের মুখে পাক বাহিনী পিছু হটতে শুরু করে।

৬ ডিসেম্বর মুক্তি বাহিনী ও মিত্র বাহিনী নিজনান্দুয়ালী গ্রামসহ বিভিন্ন পাকিস্তানী ক্যাম্পে আক্রমণ চালায়। একইসঙ্গে মিত্রবাহিনীর আগ্রাসনের ভয়ে পাকিস্তানী সেনারা রাতারাতি মাগুরা শহর ত্যাগ করতে বাধ্য হয়। ৭ ডিসেম্বর মাগুরা শত্রু মুক্তির আনন্দে মুক্তিকামি মানুষের ঢল নামে সারা শহরে। জয় বাংলা স্লোাগানে মুখরিত হয়ে ওঠে গোটা মাগুরা এলাকা।

Advertisement

৭ ডিসেম্বর বিকেলে সংগ্রাম পরিষদের আহ্বায়ক আছাদুজ্জামান মিত্রবাহিনীর দায়িত্বপ্রাপ্ত সেনাপতি মেজর চক্রবর্তীর সঙ্গে সাজোয়া যানে মাগুরায় প্রবেশ করেন নোমানী ময়দানে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর সম্মিলিত কুজকাওয়াজে আছাদুজ্জামান অংশগ্রহণের মাধ্যমে আনুষ্ঠনিকভাবে মাগুরাকে পাকহানাদার মুক্ত বলে ঘোষণা করেন।    

মাগুরা মুক্ত দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এরমধ্যে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম, সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত দফতর ও বেসরকারি সব ভবনে আলোকসজ্জাকরণ, সকালে নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কাউন্সিলের পতাকা উত্তোলন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া বিকেলে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে মাগুরা জেলা শত্রুমুক্ত হওয়ার প্রেক্ষাপট ও বীর মুক্তিযোদ্ধাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় শহরের চৌরঙ্গী মোড়, ভায়নাসহ শহরের প্রধান প্রধান সড়কে মোমবাতি প্রজ্জলনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরা মুক্ত দিবস পালিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!