ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রায়পুরায় টেঁটাযুদ্ধে আরো একজনের মৃত্যু 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৫, ৯ ডিসেম্বর ২০২২
রায়পুরায় টেঁটাযুদ্ধে আরো একজনের মৃত্যু 
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর রায়পুরায় দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে টেটাবিদ্ধ আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। টেঁটাবিদ্ধ নিহত বাচ্চু হক শুক্রবার উপজেলার চরসুবুদ্ধি ইউপির আগারনগর এলাকায় বোনের বাড়িতে তার মৃত্যু হয়। 

রায়পুরা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার শ্রীনগর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৯ নভেম্বর সকালে দুই পক্ষের মধ্যে টেঁটাযুদ্ধ সংঘটিত হয়। ওই ঘটনার দিন একই গ্রামের আশ্রাব আলীর ছেলে মো. আজগর আলী প্রতিপক্ষদের টেঁটার আঘাতে নিহত হন। এ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। 

রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে ১৮ দিন চিকিৎসা নিয়ে গত বুধবার উপজেলার চরসুবুদ্ধিতে এক স্বজনের বাড়ি ফেরেন বাচ্চু। বাড়ি ফেরার দুই দিনের মাথায় আজ শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। নিহত বাচ্চু হক গজারিয়াকান্দি গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি খালেক সমর্থক ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, প্রায় ৫ মাস আগে গজারিয়াকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য শাহ আলমের লোকজন বর্তমান ইউপি সদস্য খালেকের সমর্থকদের গ্রাম ছাড়া করে। দীর্ঘদিন গ্রামের বাইরে থাকার পর গত ১৯ নভেম্বর শনিবার ভোরে খালেক সমর্থক কয়েক পরিবার পুনরায় গ্রামে ফেরার চেষ্টা করলে শাহআলম সমর্থকরা বাঁধা দেয় এতে দুই গ্রুপের লোকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষদের টেঁটার আঘাতে আজগর আলীর মৃত্যু হয় এবং আরোও কয়েকজন গুরুতর আহত হয়। এ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়াল ৩ জনে। বর্তমানে হত্যা মামলায় জেলে আছেন শাহ আলম ও তার এক ছেলে। 

শ্রীনগর ইউপির চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান ঘটনার বিষয়ে জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষ হলে তার নিজ বাড়িতে এনে জানাজা ও দাফন করা হবে। 

রায়পুরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, বাচ্চু হকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!