ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে প্রতিপক্ষের হামলায় একজনের হাত বিচ্ছিন্ন

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৬, ১২ ডিসেম্বর ২০২২
নড়াইলে প্রতিপক্ষের হামলায় একজনের হাত বিচ্ছিন্ন
আহত আকবর হোসেন লিপন

নড়াইলে দুর্বৃত্তদের হামলায় আকবর হোসেন লিপন (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এলোপাতাড়ি হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখমসহ ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

রোববার রাতে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের উত্তর পাড়া শিকদার বাড়ি মসজিদের পাশে এ ঘটনা ঘটে। আহত আকবর হোসেন লিপন একই উপজেলার মঙ্গলহাটা গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।

জানা গেছে, লিমন রোববার রাত পৌনে ১০টার দিকে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। উত্তর পাড়া শিকদার বাড়ি মসজিদের কাছে গেলেই গ্রামের প্রতিপক্ষ তার ওপর হামলা করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

Advertisement

মল্লিকপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের (মঙ্গলহাটা) সদস্য মো. ইমদাদুল মল্লিক জানান, মঙ্গলহাটা গ্রামে সামাজিক বিরোধ চলে আসছে। গত এক বছর ধরে কিছুটা স্বাভাবিক ছিল। হঠাৎ করে আবার দুর্ঘটনা ঘটে গেল। পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, গ্রাম্য বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!