পরীক্ষা শেষে ঢাকায় বেড়াতে যাওয়া হলো না শিশু লামিয়ার
শরীয়তপুরের ডামুড্যায় বিজয় দিবসের র্যালিতে গিয়ে অটোরিকশার ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী লামিয়া নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব ডামুড্যা ইউপির চরভয়রা গ্ৰামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লামিয়া ১০ নম্বর চর ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে চর ভয়রা গ্ৰামের স্বপন মাঝির মেয়ে।
জানা যায়, ১৬ ডিসেম্বর সকালে বিজয় দিবসের র্যালির আয়োজন করে ১০ নম্বর চর ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকাল সাড়ে ১০টার দিকে সড়কের ওপর র্যালি শুরুর প্রস্তুতি চলছিল। এ সময় হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে র্যালিতে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এসময় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় লামিয়াসহ কয়েকজন। শিক্ষকরা তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
প্রধান শিক্ষক আল আমিন বলেন, আমরা সব শিক্ষার্থীদের নিয়ে র্যালির আয়োজন করি। শিক্ষার্থীরা আসে স্কুলে র্যালিতে অংশগ্রহণ করার জন্য। আমরা সবাইকে র্যালিতে অংশগ্রহণ করার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটি অটো এসে লমিয়ার ওপর উঠে যায়। আমরা তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
লামিয়ার বাবা স্বপন মাঝি বলেন, বাড়ি থেকে ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল আমার মেয়ে। বুঝতেই পারিনি এভাবে চলে যাবে। পরীক্ষা শেষে লামিয়াকে নিয়ে ঢাকা বেড়াতে যাওয়ার কথা ছিল। কিন্তু আর যাওয়া হলো না।
ডামুড্যা থানার ওসি শেখ শরীফুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। এখনও কেউ থানায় কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।