সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত, ১৮ ঘণ্টা পর মিলল একজনের পরিচয়
রংপুর-দিনাজপুর সড়কের তারাগঞ্জ উপজেলার খিয়ারির জুম্মা এলাকায় বাসচাপায় নিহত বাবুল মিয়া নামে একজনের পরিচয় মিলেছে ১৮ ঘণ্টা পর।
মঙ্গলবার সন্ধ্যায় তারাগঞ্জের কুর্শা অনন্তপুর মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা বাবুল মিয়ার লাশ শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়ারির জুম্মা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়। এর আগে, পরিচয় শনাক্ত হওয়া ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে একজনের পরিচয় শনাক্ত না হওয়ায় লাশ হস্তান্তর করা যাচ্ছিল না। সন্ধ্যায় পরিবারের সদস্যরা তারাগঞ্জ হাইওয়ে থানায় আবেদন করলে তার লাশ হস্তান্তর করা হয়।
জানা যায়, একটি অটোরিকশা যাত্রী নিয়ে রংপুর-দিনাজপুর সড়কের উপজেলার খেয়ারির জুম্মা যাবার সময় ঢাকাগামী একটি নৈশকোচ অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। হাসপাতালে ভর্তির পর আরো দুইজনের মৃত্যু হয়।
.png)
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ মো. মাহাবুব মোরশেদ জানান, পরিচয় শনাক্ত হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় বাবুল মিয়ার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।