লরি চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
গাজীপুরের কালীগঞ্জে অবৈধ লরি চাপায় জাকারিয়া দেওয়ান নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার তুমলিয়া ইউপির অলুয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই মো. মাজহার ইসলাম খান। নিহত জাকারিয়া তুমুলিয়া ইউপির অলুয়া গ্রামের কফিলউদ্দিন দেওয়ানের ছেলে।
এসআই জানান, দুপুরে উপজেলার অলুয়া এলাকায় দ্রুতগামী একটি লরি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী জাকারিয়াকে স্থানীয়রা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
এসআই আরো জানান, নিহতের প্রাথমিক সুরতহাল শেষে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। পাশাপাশি এ ব্যাপারে থানায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এএসআই।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. শহিদুল ইসলাম জানান, দুপুর প্রায় আড়াই টার দিকে মৃত অবস্থায় রোগী কানা হয়েছে।
স্থানীয়রা জানান, প্রতিমাসে কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এই অবৈধ লরি নিষিদ্ধের দাবি উঠলেও অজ্ঞাত কারণে তা এখনো চলছে। আর তারই বলি হলো জাকারিয়া দেওয়ান। তাই এই অবৈধ যান নিষিদ্ধের জোর দাবি জানান তারা।