ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সার আক্রান্ত এক মায়ের

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৯, ২২ ডিসেম্বর ২০২২
অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সার আক্রান্ত এক মায়ের
ছবি: ডেইলি বাংলাদেশ

দুইবছর যাবত প্যানক্রিয়াস ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন দুই শিশুর মা শাহানাজ পারভীন। কিন্তু ব্যয়বহুল এই রোগের চিকিৎসা ব্যয় মেটাতে নিঃস্ব হয়ে পড়েছেন পরিবার। তার স্বামী একজন প্রাইমারি স্কুলশিক্ষক। সঞ্চয় ও সম্বলের সবটুকুই শেষ স্ত্রীর চিকিৎসায়। মা বাবাও নেই সহায়তা করার। ফলে এখন অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না তার। ৮টি কেমো থেরাপির পরেও সুস্থ হতে না পেরে ভারতের চিকিৎসক দেখিয়েছেন। গত ১০ ডিসেম্বর ফলোআপ চিকিৎসার জন্য তার আবারো ভারতে যাওয়ার কথা ছিলো। কিন্তু টাকার অভাবে সেটি আর সম্ভব হচ্ছে না।

শাহানাজ পারভীনের স্বামী ওবাইদুর রহমান ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ৯৮ নং থানমাত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। বড় ছেলে সাজেদুর রহমান তামিম ভাঙ্গা সরকারি পাইলট স্কুলের অষ্টম শ্রেণির আর ছোট ছেলে শফিকুর রহমান তাসিন ভাংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র।

মায়ের অসুস্থতার কারণে থমকে গেছে তাদের শিক্ষা জীবন। অসুস্থ মায়ের দেখাশোনা করার জন্য তারা পালা করে একদিন বাদে একদিন স্কুলে যায়। আর স্বামী সন্তানদের জন্য অসুস্থ শরীর নিয়েই সংসারের ঘানি টানছেন শাহানাজ।

Advertisement

এখন সরকারি কিংবা মহানুভব ব্যক্তিদের আর্থিক সহায়তা ছাড়া তাকে চিকিৎসা দিয়ে বাঁচিয়ে তোলা সম্ভব না।

ভাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. পান্না মিয়া বলেন, অনেকদিন যাবত ওবাইদুর রহমানের স্ত্রী অসুস্থ। এ পর্যন্ত তিনি কখনো কারো দ্বারস্থ হননি। আমরা পৌরসভা থেকে সামান্য সহায়তা করতে পারি। কিন্তু তাতে তার কাজ হবেনা। এ অবস্থায় তারা সংশ্লিষ্টদের প্রতি আকুতি জানিয়েছেন সাহায্য সহযোগিতার জন্য।

শাহাজান পারভীনের স্বামী ওবাইদুর রহমান বলেন, এ পর্যন্ত তার স্ত্রীর চিকিৎসায় প্রায় ৭ লাখ টাকা ব্যয় হয়েছে। সঞ্চয়ের সবটুকুই চলে গেছে। এখন আরো ৩ থেকে ৪ লাখ টাকা দরকার। কিন্তু টাকার অভাবে স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে যেতে পারছেন না।

এই অসুস্থ মাকে বাঁচিয়ে তুলতে চিকিৎসায় সবার সহযোগীতা চান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!