ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ড্রেজার ব্যবসায় দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৯, ২৫ ডিসেম্বর ২০২২
ড্রেজার ব্যবসায় দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরে ড্রেজার ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার সকালে সদর উপজেলার মহিষেরচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার জামাল হাওলাদার (৬৫), শাহীন হাওলাদার (৩৭), সোহেল হাওলাদার (৩৫) ও শিহাব হাওলাদার (২০)।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচখোলা ইউনিয়নের মহিষের চর এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার ব্যবসা করে আসছিলেন পারভেজ খাঁ ও শাহীন হাওলাদার। গত শনিবার শাহীন হাওলাদার একই জায়গায় নতুন আরেকটি ড্রেজার বসালে ক্ষিপ্ত হয়ে পারভেজ খাঁ ও তার ভাই শাওন খাঁ তাদের লোকজন নিয়ে ড্রেজারের পাইপ ভেঙে ফেলেন। এ সময় বাধা দিতে গেলে ড্রেজার ব্যবসায়ী শাহীন হাওলাদার ও সোহেল হাওলাদারকে কুপিয়ে যখম করেন তারা। এ ঘটনার জেরে রোববার সকালে দ্বিতীয় দফায় শাহীন হাওলাদারের পক্ষের জামাল হাওলাদার ও শিহাব হাওলাদারের ওপর আবারো হামলা করেন পারভেজ খাঁ ও শাওন খাঁ।

এ সময় তাদের দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন তারা। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। গুরুতর অবস্থায় জামাল হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পারভেজ খাঁকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!