ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চুরি করতে গিয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৪, ৩১ ডিসেম্বর ২০২২
চুরি করতে গিয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
আটককৃত লাল মিয়া

বগুড়ায় চোর সন্দেহে স্থানীয়দের ধাওয়ায় নির্মাণাধীন বহুতল ভবনের চারতলা থেকে পড়ে রাশেদুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে রাশেদুলের সহযোগী লাল মিয়াকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদরের শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে। ৪৭ বছরের রাশেদুল একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। আটককৃত ৪০ বছরের লাল মিয়া সদরের হাজরাদিঘী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মকবুল মিয়া।

জানা গেছে, শিকারপুর গ্রামে নির্মাণাধীন পাঁচতলা ভবনে গোপনে প্রবেশ করেন মাদকাসক্ত রাশেদুল ও লাল মিয়া। তারা নির্মাণসামগ্রী চুরি করতে গিয়েছিলেন বলে স্থানীয়রা ধারণা করেন। ওই সময় স্থানীয়দের ধাওয়ায় ধরা পড়ার ভয়ে রাশেদুল ও লাল মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ওই ভবনের চারতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান রাশেদুল। আর ধরা পড়েন লাল মিয়া। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার এসআই আব্দুর রহিম। তিনি বলেন, লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাল মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!