ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫০০ মরা মুরগি বিক্রি করার মুহূর্তে হাতেনাতে ধরা ব্যবসায়ী

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ৪ জানুয়ারি ২০২৩
৫০০ মরা মুরগি বিক্রি করার মুহূর্তে হাতেনাতে ধরা ব্যবসায়ী
ছবি: সংগৃহীত

মাগুরা শহরের পুরাতন বাজারে ৫০০ মরা মুরগি জবাই করে বিক্রির সময় প্রশাসনের হাতে ধরা পড়েছেন রেজাউল ইসলাম নামে এক যুবক। তিনি মুরগি ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে।

মরা মুরগিগুলোর ওজন কমপক্ষে সাড়ে ৪০০ কেজি। যা চুক্তি অনুযায়ী শহরের বিভিন্ন হোটেলে সরবরাহের জন্য প্রস্তত করা হচ্ছিল।

বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এসময় মরা মুরগিগুলো উদ্ধার করা হয়।  

Advertisement

মাগুরা পৌরসভার কসাইখানার পরিদর্শক রিয়াজ খান বলেন, শহরের পুরাতন বাজারে ব্যবসায়ী রফিকুল ইসলাম মরা মুরগি বিক্রি করছেন। এমন খবরে পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর কামরুজ্জামানসহ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান রফিকুল ইসলাম মরা মুরগি জবাই করছেন। এ সময় তিনি জেলা প্রশাসনের কার্যালয়ে ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করেন।  

মাগুরা পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মো. কামরুজ্জামান বলেন, পৌরসভার পক্ষ থেকে নিয়মিত বাজার পরিদর্শন করে আসছি। বেশ কিছুদিন ধরে রফিকুল ইসলাম নামে এক মুরগি ব্যবসায়ী জেলার বাইরে থেকে মরা মুরগি ক্রয় করে বিভিন্ন হোটেলে বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে তার দোকানে বুধবার সকালে অভিযান চালানো হয় এবং ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় তিনি জেলা প্রশাসনের কার্যালয়ের ম্যাজিস্টেটকে খবর দেন। কিন্তু ম্যাজিস্ট্রেট আসার আগেই অভিযুক্ত ব্যবসায়ী রফিকুল ইসলাম পালিয়ে যান। তবে ছেলে মো. রেজাউল ইসলামকে আটক করা হয়েছে।

জেলা প্রশাসনের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট অভিদাস শিকদার বলেন, সাড়ে ৪০০ কেজি ওজনের ৫০০ মরা মুরগি উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যবসায়ী রফিকুল ইসলাম পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!