মধুখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ফরিদপুরের মধুখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ শেখ জয় নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার সকাল ১১টার দিকে মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মুরারদিয়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জিহাদ শেখ জয় উপজেলার দিঘলিয়া ইউনিয়নের মধ্যপাড়ার লালু শেখের ছেলে। প্রায় দশ বছর আগে তার বাবা লালু শেখ মারা যান। এজন্য জিহাদ শেখ জয় তার চাচা শুকুর আলীর সঙ্গে থাকতেন।
শুকুর আলী জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে জিহাদ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর ফিরে আসেনি।
মধুখালী থানার এসআই আলমগীর জানান, সকালে পথচারীরা রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে তাকে রাস্তার পাশে খাদে ফেলে যায়। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করার জন্য তাকে হত্যা করা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুতই অপরাধীদের শনাক্ত ও গ্রেফতার করা হবে।