ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টিকটকে পরিচয়, প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে তুলে নিলো তারা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ৯ জানুয়ারি ২০২৩
টিকটকে পরিচয়, প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে তুলে নিলো তারা
গ্রেফতার তিন যুবক

চট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার নগরের পতেঙ্গা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহীম আলীর ছেলে ২১ বছর বয়সী রুয়েল আহমেদ, নেত্রকোণার মদন উপজেলার মো. শাহজাহানের ছেলে ২০ বছরের মো. অনিক ও সিলেটের বিশ্বনাথ উপজেলার মোকাদ্দেস মিয়ার ছেলে ১৮ বছরের ইমন মিয়া।

র‍্যাব জানায়, ফটিকছড়ির ভূজপুর থানার একটি স্কুলে অষ্টম শ্রেণিতে লেখাপড়া করছে ওই কিশোরী। আট মাস আগে টিকটকের মাধ্যমে রুয়েলের সঙ্গে তার পরিচয় হয়। এর কিছুদিন পর কিশোরীকে মুঠোফোনে প্রেমের প্রস্তাব দেন রয়েল। তিন মাস আগে সুনামগঞ্জ থেকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অনিকের বাসায় এসে পোশাক কারখানায় চাকরি শুরু করেন তিনি।

Advertisement

৪ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে কিশোরীকে সহযোগীদের নিয়ে অপহরণ করেন রুয়েল। এরপর তাকে পতেঙ্গা থানা এলাকার একটি বাসায় নিয়ে যান। এ ঘটনায় ভূজপুর থানায় জিডি করেন ভুক্তভোগীর বাবা। একই সঙ্গে বিষয়টি র‌্যাবকে জানান তিনি।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে ভূজপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!