শনিবার বিকেলে শাহজালাল বিমানবন্দরের বর্হিগমন টার্মিনালের ১ নম্বর হেভি লাগেজ গেটের সামনে থেকে মো. রুবেলকে আটক করা হয়।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, মো. রুবেলের বাড়ি চাঁদপুর। তিনি দীর্ঘ ৬ বছর ধরে সৌদিতে রয়েছেন। সে একজন টিকটকার।
.png)
তিনি বলেন, সৌদিতে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে রুবেল কাজ করেন। বিমানবন্দরে আসার পর তার আচরণ সন্দেহজনক মনে হলে এপিবিএনের গোয়েন্দা সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং অফিসে এনে তার লাগেজের ভেতর থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, রুবেল টিকটক করার সুবাদে সৌদিতে আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রবাসীর সঙ্গে তার পরিচয় হয়। তিনিই মূলত ইয়াবাগুলো বহন করার জন্য প্রবাসী রুবেলকে ৩ লাখ টাকা দিতে চান। আর সেই টাকার লোভে মামুনের বলে দেয়া পন্থায় ইয়াবাগুলো সংগ্রহ করেন অভিযুক্ত রুবেল এবং সৌদি আরবেও নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে প্রথাগত আইনে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।