ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক হত্যাকারী রায়হান আটক
ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক পর্যবেক্ষণের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিকুল ইসলাম আশিক (২৭) নামে এক সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামী রায়হানকে (২৫) আটক করেছে পুলিশ। সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা জেলা শহরের শিমরাইলকান্দি রেললাইন এলাকা থেকে তাকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক রায়হান পৌর এলাকার ভাদুঘরের শিরু মিয়ার ছেলে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেলে জেলা শহরের অবকাশ পার্কের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ২৭ বছর বয়সী আশিকুর রহমান আশিক জেলা শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে।
আশিক সাংবাদিকতার পাশাপাশি বেওয়ারিশ লাশ দাফন ও রক্তদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সংগঠন ‘বাতিঘর’ এর হয়ে কাজ করতেন।
বাতিঘরের প্রতিষ্ঠাতা মো. আজহার উদ্দিন বলেন, বিকেলে জেলা শহরের অবকাশ পার্কের সামনে বাতিঘরের একটি সভা ছিল। সভা শেষ করে মেড্ডায় একই সংগঠনের আরেকটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন আশিক। পার্ক থেকে বেরিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠতেই আশিককে ঘেরাও করেন কয়েকজন যুবক। একপর্যায়ে তার বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন তারা। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।