প্রাইভেটকারে ঘুরে ডাকাতি করেন তারা
চট্টগ্রাম নগরে প্রাইভেটকারে ঘুরে ডাকাতি করা একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গাড়িটি থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার চারজনকে কোতোয়ালি থানা পলোগ্রাউন্ড মাঠের পাশের সড়ক থেকে এবং আরেকজনকে চান্দগাঁও থানার মোহরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সূত্রে এমন খবর আছে- সোমবার কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড যুবসংঘ ক্লাবের পাশের সড়কে একটি গাড়ি ও একটি অটোরিকশা নিয়ে একদল ডাকাত অবস্থান করছে। পরে কোতোয়ালি থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ দেখেই অটোরিকশায় থাকা চারজন পালিয়ে যায়। পরে প্রাইভেটকার থেকে চারজনকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে গাড়িটি থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে চারজনকে জিজ্ঞাসাবাদ করে চান্দগাঁও থানার মোহরা এলাকা থেকে আরেক আসামিকে গ্রেফতার করা হয়।
.png)
গ্রেফতারকৃতরা হলেন- বাঁশখালী উপজেলার পুঁইছড়ি এলাকার বাসিন্দা আশরাফ উদ্দিনের ছেলে মো. দেলোয়ার হোসেন (২১), রাঙ্গুনিয়ার কোদালা এলাকার বাসিন্দা নুরে আলম মিতুর ছেলে সাজ্জাদ হোসেন (২৪), হাটহাজারীর নজু মিয়া হাট এলাকার বাসিন্দা মো. আবুল হোসেনের ছেলে মো. আসিফ হোসেন (২১), একই উপজেলার কুয়াইশ এলাকার বাসিন্দা মো. নাছের উদ্দিনের ছেলে মাহফুজুর রহমান ওরফে আদনান (২৩) ও কক্সবাজারের চকরিয়া উপজেলার মো. হানিফের ছেলে মো. ফরহাদ ওরফে দিদার (২৪)।
জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, বিকেল হলেই তারা গাড়ি ও অটোরিকশা নিয়ে বেড়িয়ে পড়ে। রাতভর নগরের বিভিন্ন নির্জন পয়েন্টে অবস্থান নিয়ে ডাকাতি করে থাকেন। কেউ যেন শনাক্ত করতে না পারে সেজন্য গাড়ির নম্বরের দুটি সংখ্যার ওপর কাগজ লাগিয়ে দেন তারা।