ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আলোচিত ইমরান হত্যা: ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড, যাবজ্জীবন ৯

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ১৯ জানুয়ারি ২০২৩
আলোচিত ইমরান হত্যা: ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড, যাবজ্জীবন ৯
ফাইল ছবি

দীর্ঘ ৩০ বছর পর মিরসরাইয়ে আলোচিত মো. সাইফুদ্দিন ইমরান হত্যা মামলায় তিনজনকে আমৃত্যু ও নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত। একইসঙ্গে আসামিদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, আরও দু’টি ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। এছাড়া বিচার চলাকালে এক আসামি হেনজু মিয়া মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেন।

রায় ঘোষণার সময় আসামি কবির আহম্মেদ ও হুমায়ুন কবীর ওরফে কবির আহমদ আদালত উপস্থিত থাকলেও অন্যরা পলাতক ছিলেন।

Advertisement

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. আবুল হাসানাত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শফিউল আলম, সাহাবুদ্দিন, আমির হামজা, কবির আহম্মেদ, দিদারুল আলম ওরফে মিলন, আবু আবদুল্লাহ ওরফে কিরণ, ছিদ্দিক আহমদ, রুহুল আমিন, হুমায়ুন কবীর ওরফে কবির আহমদ, আরিফ হোসেন আরিফ, আনোয়ারুল আজিম ও জয়নাল আবেদীন। তাদের মধ্যে শফিউল আলম, সাহাবুদ্দিন ও আমির হামজাকে আমৃত্যু কারাদণ্ড এবং বাকি নয়জনকে যাবজ্জীবন হিসেবে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৩ সালের ১৮ জুন দুপুরে মিরসরাই থানার সাহেরখালি ভোরের বাজার এলাকায় মো. সাইফুদ্দিন ইমরানকে আগ্নেয়াস্ত্র, চাপাতি ও লোহার রড নিয়ে হামলা করেন আসামিরা। এ সময় সাইফুদ্দিনের সঙ্গে থাকা নাজিম উদ্দিন ও আলাউদ্দিনকেও মারধর করে রক্তাক্ত করেন তারা। আহতাবস্থায় সাইফুদ্দিন ইমরানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মো. ইসমাইল সিদ্দিকী মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেছেন অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট আজহারুল হক, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট ইকবাল হোসেন, সহকারী পিপি অ্যাডভোকেট সেলিনা আক্তার।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!