ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০১, ১৯ জানুয়ারি ২০২৩
নোয়াখালীতে ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত
ওহিদুল ইসলাম তাজভি। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে চরজুবিলী ইউপিতে মাটিবাহী ট্রাক্টরের চাপায় ওহিদুল ইসলাম তাজভি নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করতে পারলেও পালিয়ে যায় চালক।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট সড়কে চরজব্বর হারিছ চৌধুরী বাজার এলাকায় চরজুবিলী ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওহিদুল ইসলাম তাজভি ওই এলাকার ফোরকান উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় শহিদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

Advertisement

জানা গেছে, বিকেলে তার এক বন্ধুসহ দুটি বাইসাইকেল নিয়ে পায়ে হেঁটে হারিছ চৌধুরী বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন ওহিদুল ইসলাম তাজভি। চরজুবিলী ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে পেছন থেকে আসা একটি মাটিবাহী ট্রাক্টর তাজভি ও তার সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সাইকেলসহ ছিটকে গিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!