আখেরি মোনাজাতে অংশ নিতে নারীদের ভিড়
বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের সুযোগ নেই নারীদের। তাই আখেরি মোনাজাতে অংশ নিতে পর্দার সঙ্গে ইজতেমা ময়দানের আশপাশে এসে জড়ো হয়েছেন নারীরা। লাখ লাখ মুসল্লির সঙ্গে হাত তুলে যদি কারো উসিলায় দোয়া কবুল হয় সে আশায় এসেছেন তারা।
রোববার সকাল ১০টার দিকে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাতে অংশ নিতে দল বেঁধে শহীদ আহসান উল্ল্যাহ মাস্টার জেনারেল হাসপাতাল, স্টেশন রোড, পূর্ব থানা এলাকা ও বাটা গেটসহ আশপাশের বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়েছেন নারীরা।
আখেরি মোনাজাতে আসা নাসিমা খাতুন বলেন, আমরা ১০ জন নারী আখেরি মোনাজাতে অংশ নিতে ভোরেই এসেছি। পলিথিন কিনে সড়কের পাশে বসেছি। আল্লাহর নৈকট্য লাভের আশায় মোনাজাতে অংশ নিতে এখানে আসা।
.png)
আরেক নারী বলেন, অসুস্থ মা ও সন্তানের রোগমুক্তি কামনায় আমি ইজতেমা মাঠে এসেছি।
গাজীপুরের বোর্ড বাজার থেকে আসা আছিয়া বেগম বলেন, নারীদের ইজতেমায় অংশ নেয়ার সুযোগ নেই। তাই আমরা কেবল আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য পর্দার সঙ্গে ইজতেমা ময়দানের আশপাশে এসে জড়ো হয়েছি। লাখ লাখ মুসল্লির সঙ্গে হাত তুলে যদি কারো উসিলায় আমার দোয়া কবুল হয় সে আশায় ইজতেমা ময়দানে এসেছি।