গরু কিনতে গিয়ে নিখোঁজ, উদ্ধারের পর প্রাণ গেল হাসপাতালে
পাঁচদিন আগে গরু কিনতে গিয়ে নিখোঁজ হন বরগুনার আমতলী উপজেলার ডালাচারা গ্রামের কৃষক জহিরুল ইসলাম (৪২)। তবে নিখোঁজের পাঁচদিন পর সোমবার সকালে অচেতন অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
নিহত জহিরুল ইসলাম পটুয়াখালী জেলার বিঘাই ইউনিয়নের তিতকাটা গ্রামের চাঁন মিয়া খানের ছেলে। তিনি ১৩ বছর ধরে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। গত ১৮ জানুয়ারি আমতলী বাজারে গরু কিনতে এসে নিখোঁজ হন তিনি।
জানা গেছে, বুধবার সকালে তিনি গরু কিনতে আমতলী বাজারে আসেন। দুপুরের পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার বড় ভাই মনির খান আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর সোমবার সকালে আমতলী ছুড়িকাটা গ্রামের সড়কের পাশে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। স্বজনরা খবর পেয়ে দুপুরেই তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে মঙ্গলবার সকালে তিনি মারা যান।
.png)
জহিরুল ইসলামের ভাই মনির খান বলেন, আমার ভাই কিভাবে নিখোঁজ হয়েছেন, কে বা কারা তাকে নির্যাতন করেছেন সে বিষয় কিছু বলতে পারি না।
আমতলী থানার ওসি এ কে এম মিজানুর রহমান বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেয়া হবে।