লোহাগাড়ায় প্যাঁচা-লজ্জাবতী বানর উদ্ধার
চট্টগ্রামের লোহাগাড়া থেকে দুইটি লজ্জাবতী বানর এবং একটি প্যাঁচা উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে লোহাগাড়া উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মোবারক হোসেন, সাদ্দাম হোসেন, মো. মহিউদ্দিন ও মো. আজাহার সিকদার।
জানা যায়, লোহাগাড়া থানা পুলিশ বান্দরবানের আলীকদম থেকে বন্যপ্রাণী পাচার হওয়ার তথ্য পেয়ে বিশেষ অভিযানে নামে। পাচারকারীদের দুইজন মোটরসাইকেলযোগে বন্যপ্রাণীগুলো নিয়ে আলীকদম থেকে রওনা দেন। লোহাগাড়ার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে আরেকটি গ্রুপের কাছে বন্যপ্রাণীগুলো হস্তান্তরের কথা ছিল। এজন্য ঘটনাস্থলে মোটরসাইকেল নিয়ে অপর দুইজন অপেক্ষা কর ছিলেন। এ সময় পুলিশ দুই গ্রুপের চারজনকে আটক করে।
.png)
বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাজাহান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের কারাদণ্ড এবং জরিমানা করেন।
এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলোকে স্থানীয় বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এ গুলোকে নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হবে।
তিনি আরো জানান, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) তথ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, লোহাগাড়ার একটি চক্রের কাছে বন্যপ্রাণীগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল। পরে চট্টগ্রাম থেকে ঢাকা এবং সবশেষ পাবনায় নিয়ে যাওয়ার কথা ছিল আরেকটি গ্রুপের।