সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু রোববার
চলতি বছরের সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু হচ্ছে আগামীকাল রোববার। বন বিভাগের কাছ থেকে অনুমতি নিয়ে গোলপাতা আহরণে আগামীকালই বনের অভ্যন্তরে যাবেন বাওয়ালিরা। ৩১ মার্চ পর্যন্ত চলবে এ মৌসুম।
বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) স্টেশন অফিসার মো. ওবায়দুর রহমান।
তিনি জানান, রোববার থেকে গোলপাতা আহরণকারী বাওয়ালিদের অনুমতিপত্র দেওয়া হবে। এরপর বনে ঢুকবেন উপকূলের বাওয়ালিরা।
.png)
ওবায়দুর রহমান জানান, সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জে দুটি গোলপাতার কূপ রয়েছে। একটি হলো শ্যালা গোলপাতা কূপ আরেটি হলো চাঁদপাই গোলপাতা কূপ। এ গোলপাতা আহরণে থাকছে শর্তও। গোলপাতা আহরণের সময় বনের অন্য কোনো ধরনের গাছপালা কাটা যাবে না। তবে কোনো বাওয়ালি গোলপাতার পাশাপাশি অন্য প্রজাতির গাছ কাটলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বন বিভাগের এ কর্মকর্তা বলেন, ২৯ জানুয়ারি থেকে শুরু হওয়া গোলপাতা আহরণ মৌসুম চলবে ৩১ মার্চ পর্যন্ত। এ মৌসুমে শ্যালা কূপ থেকে চার হাজার মেট্রিক টন ও চাঁদপাই কূপ থেকে তিন হাজার মেট্রিক টন গোলপাতা আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত মৌসুমে প্রতি কুইন্টাল গোলপাতা আহরণে রাজস্ব নেয়া হয়েছিল ২৫ টাকা। আর এবার তা বাড়িয়ে প্রতি কুইন্টাল ৬৮ টাকা করা হয়েছে।