লাশের সামনেই সম্পত্তি নিয়ে মা-মেয়ের ধস্তাধস্তি
সম্পত্তি ভাগাভাগি নিয়ে লাশের সামনেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছেন মা-মেয়ে। এছাড়া লাশটি এক ঘণ্টা আটকে রেখেছেন মেয়ের জামাই।
মঙ্গলবার বিকেলে কুমিল্লার হাউজিং অ্যাস্টেট এলাকায় এ ঘটনা ঘটে। মৃতের নাম ডা. সিরাজুল হক। তিনি একই এলাকার বাসিন্দা।
সিরাজুলের মেয়ে হোছনেয়ারা বেগম বলেন, আমার ১২ বছর বয়স থাকতেই মা মারা যান। ১৫ বছর বয়সে বিয়ে হয়। এরপর স্বামীর বাড়ি চলে যাই। বাড়িতে একা থাকায় দ্বিতীয় বিয়ে করেন বাবা। পরের সংসারে কোনো সন্তান হয়নি।
.png)
তিনি আরো বলেন, ২০ বছর ধরে আমার বাবা অসুস্থ। কয়েকবার স্ট্রোকও করেছেন। এর মধ্যেই নিজ ভাই জাহাঙ্গীর ও তারেককে নিয়ে বাবার কাছ থেকে টিপসই নেন সৎ মা সেতারা বেগম। আমি কোনো সম্পত্তি পাইনি।
মেয়ের জামাই ডা. দেলোয়ার হোসেন বলেন, শ্বশুরের লাশ দেখতে গেলে আমার মেয়ের ব্যাগ আটকে রাখেন তারা। নানার ঘর থেকে মেয়েকে বের হতে বলেন। স্ত্রীকে মারধরও করেন। এ নিয়ে মা-মেয়ের ধস্তাধস্তি হয়। ২০১৮ সালে আমার শ্বশুরের ৮ শতাংশ জমি, তিনতলা ভবনসহ দলিল করে নিয়ে যান সেতারাসহ তার ভাইয়েরা। ব্যাংকের সব টাকাও নিয়ে যান।
কোতোয়ালি মডেল থানার ঈসাই বিষ্ণু কুমার রায় বলেন, বিষয়টি জেনে হাউজিং ১ নম্বর সেক্টরের মসজিদে গিয়ে তাদের সঙ্গে কথা বলা হয়। এর ঘণ্টা খানেক পর জানাজা ও দাফন হয়।