বুধবার সকাল ৯টার দিকে উপজেলা সদরের উব্দাখালী নদীর সেতু সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। মৃত দেলোয়ার হোসেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের মিয়া হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা ফয়ার সার্ভিসের লিডার এমদাদুল হক।
.png)
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ থেকে কয়লাবোঝাই ওই নৌকাটি কলমাকান্দা সদরের উব্ধাখালী নদীর মনতলা নামক স্থানের কয়লা ঘাটে এসে নোঙর করে। পরে রাতে আর কয়লা আনলোড না করে নৌকাটিতে ৬ শ্রমিক ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে রাত ১১টার দিকে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় ঘুমিয়ে থাকা শ্রমিকদের ৫ জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন দেলোয়ার। পরে আজ বুধবার সকালে নদীতে ডুবে যাওয়া নৌকা থেকে নিখোঁজ দেলোয়ারের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।