মধ্যরাতে বাজারে আগুন, দোকানের ভেতরই প্রাণ গেল বৃদ্ধের
টাঙ্গাইলের বাসাইলে একটি বাজারে আগুন লেগে সৈয়দ মঞ্জুরুল ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় পুড়ে গেছে চারটি দোকান।
রোববার মধ্যরাতে উপজেলার আইসড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত ৬০ বছরের সৈয়দ মঞ্জুরুল ইসলাম আইসড়া গ্রামের সৈয়দ আনোয়ার হোসেনের ছেলে। তিনি বাজারে টেইলার্সের দোকান করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টার দিকে আইসড়া বাজারে হঠাৎ করে একটি দোকানে আগুন জ্বলে ওঠে। এ সময় বিষয়টি দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় স্থানীয়রা। এরমধ্যেই চারটি দোকানে আগুনে ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। কিন্তু ওই আগুনে পুড়ে মারা যান টেইলার্সের দোকানের ভেতরে থাকা মঞ্জুরুল ইসলাম। আগুনে চারটি দোকানে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।
.png)
স্থানীয় ইউপি সদস্য বাবুল সরকার বলেন, হঠাৎ করে টেইলার্সের দোকান থেকে আগুন জ্বলে ওঠে। এ সময় ওই দোকানের ভেতরে মঞ্জুরুল ঘুমিয়ে ছিলেন। সেখান থেকে বের হতে না পারায় আগুনে পুড়ে মারা যান তিনি। আগুনে চারটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, টেইলার্সের দোকানে শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করছি টেইলার্সের দোকানে থাকা ব্যক্তিটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে সেখানেই মারা যান। এ ঘটনায় চারটি দোকানও পুড়ে যায়। এ সময় পুলিশের উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।