ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জুস পানে শিশুসহ একই পরিবারের ৮ জন হাসপাতালে ভর্তি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৯, ৬ ফেব্রুয়ারি ২০২৩
জুস পানে শিশুসহ একই পরিবারের ৮ জন হাসপাতালে ভর্তি
ছবি: ডেইলি বাংলাদেশ

জুস পান করে একই পরিবারের শিশুসহ আটজন অসুস্থ হয়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন, পশ্চিম সিকদারপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে নাজমা মনি (৯), মো. রামিম (৭) রানিয়া মনি (৫), রাফিয়া মনি (৩), আবু বক্করের মেয়ে সেলিনা আক্তার (২১), নাসিমা আক্তার (১৮), মো. জালালের ছেলে জিসান (৩) মো. জসিমের ছেলে শাওন (২)। তারা একই পরিবারের সদস্য।

সোমবার অসুস্থদের বাবা আব্দুর রহিম জানান, বাড়িতে প্রাণ ম্যাংগো জুস নিয়ে বেড়াতে আসেন জনৈক ব্যক্তি। জুস পান করার পর সবাই ঢলে পড়েন। দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

Advertisement

আগত একজনকে আব্দুর রহিম সন্দেহ করে বলেন, যারা জুস খেয়েছে তারা অসুস্থ হয়েছে, বাকি দুইজন সুস্থ আছেন। অথচ জুসের মেয়াদও রয়েছে। তাই আগত মানুষটিকে সন্দেহ হচ্ছে। তবে তার নাম এখনই বলছি না। বর্তমানে হাসপাতালে ভর্তি অনেকের জ্ঞান ফিরেছে। বাড়িতে ফিরে বড় ভাই ও অন্যান্যদের সঙ্গে পরামর্শক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে জুস বিক্রেতা প্রতিষ্ঠানের মালিক না থাকায় দোকানের কর্মচারী মহিউদ্দিনের কাছে জুসের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ পর্যন্ত জুসের বিষয়ে কোনো অভিযোগ আসেনি। জুসের মেয়াদও রয়েছে। সকাল থেকে অনেকেই জুস পান করেছে, কোনো সমস্যা হয়নি।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আরএমও আশিকুর রহমান জানান, জুস পান করে ভর্তি হওয়া শিশুসহ আটজনই শঙ্কামুক্ত। জুস পান করে ফুড পয়জন বা জুসটি মিশ্রণ ছিল বলে আমরা ধারণা করছি। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!