ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

১৫০ বছরের পোয়াতি বিলে ডুবের মেলা 

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ৭ ফেব্রুয়ারি ২০২৩
১৫০ বছরের পোয়াতি বিলে ডুবের মেলা 
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতী ও বাসাইলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ডুবের মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার ডুবের মেলায় পুণ্যার্থীরা ভোর থেকে বিকেল পর্যন্ত এক কাপড়ে স্নান করেছেন। 

জানা গেছে, প্রতিবছর কালিহাতী উপজেলার আউলিয়াবাদের পোয়াতি বিলে একটি নির্দিষ্ট স্থানে মাঘী পূর্ণিমায় স্নান হয়। বাসাইল উপজেলা সদর ও কাঞ্চনপুর ইউপির বংশাই নদীর পূর্ব-উত্তর তীরে রাশড়া-সৈয়দামপুর গ্রামে গঙ্গা স্নান হয়। প্রতি বছরের ন্যায় এবারো দূর-দূরান্ত থেকে পুণ্যার্থী পোয়াতি বিলে এসে স্নান করেন। এ উপলক্ষে মেলা বসে।  

অন্যদিকে বাসাইলে গঙ্গা স্নানের মাধ্যমে মেলা বা পূজার কার্যক্রম শুরু হয়। পুণ্যার্থীরা তাদের পাপ মোচনের লক্ষ্যে মানত ও গঙ্গা স্নান করেন। 

এলাকাবাসী জানান, ব্রিটিশ শাসনামলে বক্ত সাধু নামে খ্যাত এক সন্যাসীর মূর্তি প্রতিস্থাপন করে মনোবাসনা পূর্ণ করতে গঙ্গা স্নান ও পূজা অর্চনা শুরু হয়। তখন থেকে প্রতিবছর মাঘী পূর্ণিমার রাতে গঙ্গা স্নান এবং পূজা অর্চনা চলতে থাকে। পরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা একে মেলা এবং আনন্দ উৎসব হিসেবে পালন করে আসছে। ওই সময় থেকে এটা ডুবের মেলা নামে পরিচিত।

কালিহাতী উপজেলার পারথী ইউপি চেয়ারম্যান মো. লিয়াকত আলী তালুকদার বলেন, ১৫০ বছর ধরে পোয়াতি বিলে নিঃসন্তান দম্পতিরা সন্তানের আশায় মাঘী পূর্ণিমায় স্নান করে থাকেন। এক সময়ের সাধারণ স্নান এখন ব্যাপক জনসমাগমের স্থানে পরিণত হয়েছে। স্নানের সুবিধার্থে চারদিকে চারটি ঘাটলা তৈরি করে দেওয়া হয়েছে।  

বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান শামীম আল মামুন বলেন, ডুবের মেলা যুগ যুগ ধরে অনুষ্ঠিত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা খারাপ রয়েছে- তাই জমির আইল ধরে দর্শনার্থীরা যাতায়াত করছেন। তিনি নিজ উদ্যোগে বা প্রকল্পের মাধ্যমে রাস্তাটি করে দেওয়ার চেষ্টা করছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!