ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাসপাতালের টেন্ডার বক্সের তালা ভেঙে দরপত্র ছিনতাই

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
হাসপাতালের টেন্ডার বক্সের তালা ভেঙে দরপত্র ছিনতাই
ছবি: ডেইলি বাংলাদেশ

শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রকাশ্য দিবালোকে টেন্ডার বক্সের তালা ভেঙে দরপত্র ছিনতাই করেছে দুর্বৃত্তরা। 

সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের সম্প্রসারিত ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মাহমুদুল হাসান। এ নিয়ে পুরো উপজেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, গত মাসের ১৮ তারিখ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের এমএসআর সামগ্রী ক্রয়ের দরপত্র আহ্বান করা হয়। টেন্ডার বক্সে ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি, লিলেন সামগ্রী, গজ-ব্যান্ডেজ-তুলা, কেমিকেল, রি-এজেন্ট, আসবাব ও ক্রোকারিজের ৫০ লাখ টাকার দরপত্র ছিল। সোমবার সকাল থেকে দরপত্র জমা দেওয়ার কথা ছিল, সময়ের আগেই টেন্ডার বক্স ভরে যায়। তবে সকালে ৯টার দিকে হাসপাতালে টেন্ডার বক্সের তালা ভেঙে দরপত্রগুলো ছিনিয়ে নিয়ে যায় একদল দূর্বৃত্ত।

Advertisement

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান বলেন, ১০/১২ জন সকালে এসে দরপত্র বক্স নিয়ে যান। পরে ভেঙে টেন্ডার দরপত্রগুলো নিয়ে বক্স ফেরত দিয়ে যান। আমাকে প্রধান সহকারী ফোনে বিষয়টি জানান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের পরামর্শে দরপত্র বাতিল করে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। টেন্ডার বক্সটির আংটা ভাঙা অবস্থায় পাওয়া গেলে টেন্ডার ওপেনিং কমিটির সুপারিশে আপাতত টেন্ডার স্থগিত করা হয়েছে। পুনরায় টেন্ডারের জন্য আহ্বান করা হবে।

এই হাসপাতালে ২০টি সিসি ক্যামেরা থাকলেও তা নষ্ট ছিলো বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান। সে কারণে দুর্বৃত্তের চিহ্নিত করা যায়নি বলে জানান তিনি। এ ঘটনায় বিকেলে জাজিরা থানায় ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি অভিযোগও দায়ের করেছেন তিনি।

অপরদিকে, জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি ঠিকাদার মো. রুবেল বেপারি ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সকালে টেন্ডার ড্রপ করতে গিয়ে দেখি নির্দিষ্ট সময়ের পূর্বেই টেন্ডার বক্সটি ভর্তি করা। যার ফলে আমিসহ অন্য ঠিকাদাররা বিষয়টির প্রতিবাদ করলে তিনি টেন্ডার বক্স ছিনতাইয়ের নাটক সাজিয়ে টেন্ডার স্থগিত করেন। প্রকৃতপক্ষে তিনি তার পছন্দের ঠিকাদারকে কাজ দিতে পারেননি বলে এই নাটক সাজিয়েছেন।

জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালের দরপত্র ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে  আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জাজিরা উপজেলার নির্বাহী অফিসার কামরুল হাসান জানান, ঘটনাটি শুনেছি। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সহযোগিতা চাইলে, সহযোগিতা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!