ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাসিরনগরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
নাসিরনগরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আফিলা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে পুলিশ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে। মৃত আফিলা আক্তার উপজেলার বুড়িশ্বর ইউপির আশুরাইল গ্রামের সুন্দর আলীর মেয়ে ও একই গ্রামের জজ মিয়ার স্ত্রী।

জানা যায়, প্রায় ১০ বছর আগে উপজেলার আশুরাইল গ্রামের জজ মিয়ার সঙ্গে একই গ্রামের আফিলা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাংসারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। মঙ্গলবার রাত ৭টার দিকে জজ মিয়া ও আফিলার মধ্যে সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী জজ মিয়া আফিলা আক্তারকে মারধর করেন। এতে অভিমানে কীটনাশক পান করেন আফিলা আক্তার। রাত ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতাল থেকে তার স্বামী জজ মিয়াসহ শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যান।

নাসিরনগর থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!