কক্সবাজারে আবাসিক হোটেলে মিলল মা-মেয়ের মরদেহ
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের ‘সি আলিফ’ নামক হোটেলের ৪১১ নম্বর কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ৩৫ বছরের মা সুধা দে ও তার প্রায় দেড় বছরের মেয়ে সুমা দে।
সী আলিফ হোটেলের জেনারেল ম্যানেজার ইসমাইল জানান, গত ১৪ ফেব্রুয়ারি সকালে তিন সন্তানসহ স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠেন দুলাল বিশ্বাস ও সুমা দে। তারা ঠিকানা উল্লেখ করেছিলেন চট্টগ্রামের বাঁশখালী এলাকায়। শুক্রবার তাদের রুম ছাড়ার কথা ছিলো। সেই হিসেবে সকাল সাড়ে ১১টার দিকে হোটেলের এক কর্মচারী ওই রুমে গিয়ে দেখেন স্ত্রী ও এক শিশুর মরদেহ পড়ে রয়েছে।
কর্মচারী শাখাওয়াত জানান, সকাল সাড়ে ১১টার দিকে ওই রুমে গিয়ে কয়েকবার ডাকেন তিনি। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় ম্যানেজারের নির্দেশে মাস্টার কি (অতিরিক্ত চাবি) দিয়ে তালা খুলে দেখেন নারী ও শিশুর মরদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দেয় তারা।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, দুলাল বিশ্বাস ও সুমা দে স্বামী স্ত্রী পরিচয়ে তিন সন্তান নিয়ে সী আলিফের ৪১১ নম্বর কক্ষে উঠেছিলেন। হোটেল কক্ষ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হলেও স্বামী এবং বাকি দুই সন্তানের কোনো খোঁজ মেলেনি।
তিনি আরো জানান, তবে কেনো বা কী কারণে হত্যা করা হয়েছে সেটি খতিয়ে দেখছে সিআইডিসহ পুলিশের কয়েকটি টিম। মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।