ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তুলে নিয়ে কিশোরীকে গণধর্ষণ

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০০, ২০ ফেব্রুয়ারি ২০২৩
ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তুলে নিয়ে কিশোরীকে গণধর্ষণ
ফাইল ছবি

নেত্রকোনার বারহাট্টায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে এক কিশোরীকে জোর করে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মো. মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার গ্রেফতারকৃত মোস্তফাকে আদালতে পাঠানো হবে। এর আগে রোববার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। মোস্তফা ওই উপজেলার রায়পুর ইউনিয়নের চরপাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে।

জানা গেছে, গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার ফকিরের বাজার হেফজুল উলুম মাদরাসায় ওয়াজ মাহফিলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন ওই কিশোরী। পথে বাজারের কাছাকাছি পৌঁছলে কিশোরীকে মুখ চেপে ধরে তুলে ধর্ষণ করেন মোস্তফা। পরে ফোন করে তার তিন বন্ধুকে ডেকে আনেন মোস্তফা। তারাও ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। শেষে রাতে বাড়ির পাশে পৌঁছে দিয়ে পালিয়ে যান তারা। এ ঘটনায় স্থানীয়ভাবে নানা দেন দরবার চললেও মিমাংসায় পৌঁছাতে পারেনি। পরে রোববার বিকেলে ওই কিশোরীর মা বাদী হয়ে মোস্তফাসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন। 

Advertisement

বারহাট্টা থানার ওসি লুৎফুল হক বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি মোস্তফাকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। 

তিনি আরো বলেন, সোমবার সকালে মোস্তফাকে আদালতে পাঠানো হয়েছে। আর ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে। ডাক্তারি পরীক্ষা শেষে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে নেয়া হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!