মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। মৃত আশুতোষ নাথ সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী বলে জানা গেছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ জানান, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। তবে তিনি কখন, কীভাবে মারা গেছেন তা এখনো নিশ্চিত নয়।
.png)
এর আগে, শনিবার রাতে সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০০ ফুট ওপরে চন্দ্রনাথ ধাম থেকে নামার পথে একটি সিঁড়ি ভেঙে খাদে পড়ে দুই তীর্থযাত্রী নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এরপর থেকে প্রায় চার ঘণ্টা পাহাড়ে ওঠানামার পথ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিকল্প পথ ইকোপার্ক সড়ক হয়ে তীর্থযাত্রীদের নামানো হয়।
সীতাকুণ্ড থানা সূত্রে জানা গেছে, গত তিনদিনে থানায় চারজন নিখোঁজের বিষয়ে জিডি হয়েছে। এর মধ্যে একজনের লাশ উদ্ধার হলো। এখনো নিখোঁজ রয়েছেন দুই নারীসহ তিনজন।
সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শুক্রবার থেকে তিনদিনের সনাতন ধর্মাবলম্বীদের শিবচতুর্দশী মেলা শুরু হয়। প্রতিবছর এ মেলা তিনদিনের হলেও এবার তিথির কারণে চলে চারদিন। এ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত ১০ লাখের বেশি পুণ্যার্থীর সমাগম হয়। ভারতসহ উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে আসা পুণ্যার্থীরা সেখানে যোগ দেন।