ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জিম্মি করে মোটরসাইকেল ছিনতাইকালে গ্রেফতার ২

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
জিম্মি করে মোটরসাইকেল ছিনতাইকালে গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে ধরেছে স্থানীয় জনতা। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করা হয়। এ সময় ছিনতাইকারীর হেফাজত থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের নাগড়পাড়া চরের শিব মন্দিরের কাছে প্রশান্ত শিকদার নামে এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাইকালে এ ঘটনা ঘটে। 

গ্রেফতারকৃতরা হলেন, খোকসার গোপগ্রাম ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের উসমান প্রামানিকের ছেলে হাসান (২৮) ও একই ইউনিয়নের বড়ইচারা গ্রামের জব্বার মোল্লার ছেলে সজিব মোল্লা (৩০)। 

Advertisement

ভুক্তভোগী প্রশান্ত শিকদার জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে শিব মন্দির থেকে ফেরার সময় ৫/৬ জন ব্যক্তি তাকে অস্ত্রের মুখে  জিম্মি করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তাদের দেখে ছিনতাইকারীরা পালানোর জন্য দৌড় দেন। স্থানীয় জনতা ধাওয়া করে দুই ছিনতাইকারীকে ধরে ফেলেন। কিন্তু বাকিরা পালিয়ে যান। আটক দুইজনের শরীর থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি সেভেন গিয়ার চাকু উদ্ধার করেন। পরে গণপিটুনি দিয়ে দুইজনকে খোকসা  থানায় সোপর্দ করা হয়।

খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় জানা গেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলার পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওই দুইজনের মধ্যে হাসান নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!