ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জলদস্যুদের হামলায় নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 
প্রকাশিত: ২০:১৬, ১ মার্চ ২০২৩
জলদস্যুদের হামলায় নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার
ফাইল ফটো

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের আক্রমণে নিখোঁজ পাঁচজনের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করেছেন জেলেরা।

বুধবার দুপুরে গভীর সমুদ্র থেকে ভাসমান অবস্থায় লাশ দুইটি উদ্ধার করা হয়। লাশ দুইটি নিয়ে উদ্ধারকারী জেলেরা বরগুনা উপকূলে রওনা হয়েছেন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জলদস্যুদের আক্রমণে এফবি ভাই ভাই ট্রলারে থাকা আরো দুই জেলের লাশ উদ্ধার করেছেন জেলেরা। তারা লাশ নিয়ে বরগুনা উপকূলে রওনা হয়েছেন। তবে কীভাবে উদ্ধার হয়েছে তা এখনো জানা যায়নি। লাশ দুইটি ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হবে।

Advertisement

জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি রাতে পায়রা সমুদ্র বন্দর থেকে ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে বরগুনার এফবি ভাই ভাই নামে মাছ ধরার ট্রলারে আক্রমণ চালায় জলদস্যুরা। এ সময় ট্রলারে থাকা ১৮ জেলের মধ্যে নয় জনকেই কুপিয়ে জখম করে জলদস্যুরা, গুলিবিদ্ধ হন একজন। বাকি জেলেরা জীবন বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।

ঘটনার তিনদিন পর গত ২০ ফেব্রুয়ারি সমুদ্রে ভাসমান অবস্থায় চার জেলেকে জীবিত উদ্ধার করেন জেলেরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। এরপর নিখোঁজ অন্য পাঁচ জেলের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করা হয় বুধবার।

এ বিষয়ে কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট শাফায়েত আবরার বলেন, সমুদ্র থেকে নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধারের খবর পেয়েছি। আইনগতভাবে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের জন্য আমরা সচেষ্ট রয়েছি। এছাড়া সাগরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের টহল অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!