বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ভাস্কর সাহা প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। গ্রেফতারকৃত রাসেল বেপারী মাদারীপুর জেলার কালকিনি থানার খাসেরহাট এলাকার মো. মহিউদ্দিন লাটু বেপারীর ছেলে। আর উদ্ধারকৃত কিশোর গোসাইরহাট উপজেলার বাসিন্দা।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বড় কালিনগর এলাকায় সম্প্রতি এক তরুণীকে বিয়ে করতে চান মাদারীপুরের খাসেরহাট এলাকার রাসেল বেপারী। ঐ তরুণী বিয়েতে রাজি না হওয়ায় মঙ্গলবার রাতে তার ছোট ভাইকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করেন রাসেল। বুধবার রাসেলের সঙ্গে ঐ তরুণীকে বিয়ে দেবে বলে পরিবার সেজে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে ফাঁদ পাতে পুলিশ।
.png)
রাসেল তার নিজ বাড়ি মাদারীপুরের কালকিনির খাসেরহাটে ঐ তরুণীকে নিয়ে যেতে বলেন। পরে দুপুরে খাসেরহাট রাসেলের বাড়ি থেকে ঐ কিশোরকে উদ্ধার করা হয়। আর খাসেরহাটের পাশের এলাকা মধ্যেরচর এলাকা থেকে রাসেল বেপারীকে আটক করে পুলিশ। রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় পুলিশকে মারধরসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে গোসাইরহাট থানায় একটি মামলা দায়ের করেন।